Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Friday, May 25, 2012

খোকাও বলে তাই!

মা বলে চাঁদ মামা
খোকাও বলে তাই!
ছোট্ট খোকা ভাবে মনে
এর বিহিত চাই ।
আমার যদি মামা হয়
তোমার হবে ভাই ,

চাঁদকে তুমি ডাকার সময়
ডাকবে যেন তাই ।

সত্যি কথা বললিরে তুই
এতদিনে খোকা ,
তুই যে খোকা আগের মত
নেই আর বোকা ।

Saturday, August 27, 2011

গাছে চড়া

হাতির ভীষণ ইচ্ছে হলো উঠবে চড়ে গেছে
সেই আশাতে মত্ত হয়ে আনন্দে সে নাচে,
ঐ দেখ না বানরগুলো
খাচ্ছে বসে সাদা মুলো।
হাতি বেটার বুক ফেটে যায় ওদের প্রতি ইর্ষে
এইবার সে ভাঙবে রেকর্ড উঠে গাছের শীর্ষে
এমন আজব কথা শুনে
পাখি ছড়ায় জন-কুজনে
শিয়াল বাঘ চামচিকারা উঠতে বলে গাছে
উঠলে পড়ে বুঝবে মজা কেমন বিপদ আছে!
কারো কথায় কান না দিয়ে
উঠলো হাতি গাছে,
গাছে উঠেই আনন্দে সে
তা ধিন তা নাচে।
ভাঙলো ডাল ফট ফটাফট;
এরপরে যা ঘটলো তা কী তোমরা জানোরে?
হাতির কাজ হাতির মানায় বানরেরটা বানরে।

নালিশ

যা করেছি ,সব ভুলে যা
করিস না তুই নালিশ
জানতে পারলে আম্মু আমায়
মেরে করবে পালিশ!!
চুরি করেছি দু‘জন মিলে
তোরটা না হয় নিল চিলে
তাই বলে তুই করবি নাকি রাগ?
না হয় তোকে
আমার থেকে আমার থেকে দিলাম কিছু ভাগ।
কালকে আবার করব চুরি
রমিজ মিয়ার গাছে
সেথায় নাকি টুকটুকে লাল
পেয়ারা পেকে আছে!
সত্যি বলছি,তোকে দেবো
সেসব ফলের ভাগ
দু‘জন মিলে করবো চুরি
করিস না আর রাগ।

Friday, June 3, 2011

একটি কবিতা

ও কবি,উদাসী কবি
হোমারের উত্তরসূরী
তোমার একটি কবিতা
শুধু একটি কবিতা
আমার অস্তিত্বহীন সত্তায়
লিখে দাও
শুধু একটি কবিতা।

কালের ধূসর পটে
ইতিহাসের মলিন খাতায়
চিরায়ত সত্তায়
টিকে থাকবে
একটি কবিতা।

ঝিঝির ডাকে যে নিদারুণ ব্যথা
চৈত্রের শুকনো শরীর,
কবি, তুমি ছাড়া বুঝবে কে?
সোনালুর হলুদ ফুলে
শিশিরের ব্যর্থতা
আর আমার মিটে যাওয়া ভালবাসা
সবাই তো তোমার ভবিষ্যৎ বানী।

শ্রাবণের নির্ঝর রাতে
হিমেল হাওয়ার মিষ্টি ঘ্রাণে
তুমি কবি একা জেগে
হাতে একটি কবিতা
শুধু একটি কবিতা।

Wednesday, May 25, 2011

এ বৃষ্টি ছুঁয়ে যাক তোমার হৃদয়

এই বৃষ্টির শব্দ
তুমি শুনতে কি পাও?
পাংশু মেঘের ক্রন্দন
লক্ষ বছর ধরে
মুছে দিয়ে যাচ্ছে
বিরহের কালো জল।

পৃথিবী দেখেছে ক্লিওপেট্রার
বৃষ্টিস্নাত দেহ
আর আজও মনে রেখেছে।
ইতিহাসের কত রূপসী রমনী
বৃষ্টিকে দেখিয়েছে
রূপ আর যৌবনের অদম্য বিলাস।

দু'মেরুতে আজ বৃষ্টি ভেজা
রাত্রি,
পার্থক্য শুধু সময়।
ভাবনার দৃশ্যপটে
বৃষ্টিময়
তোমার আমার কাব্য।
এ বৃষ্টি আমার হৃদয় ছুঁয়েছে
আর ছুঁয়ে যাক
তোমার হৃদয়।

Sunday, May 15, 2011

ভালবাসার জলছাপ

ঝরে গেছে শুকনো পাতা
বসন্তের শেষ দিনে,
আলো আর আধারের সন্ধিক্ষণে
তৈরি হয় হাজারো
ছায়াকাব্য।
বিলীন অন্ধকার ম্লান হয়ে
ফিরে আসে দিনের আলো,
অপেক্ষার শুরু না অবসান
দ্বিধাগ্রস্ত ভালবাসার
মহান পুরুষ।
আঁধারের মাঝে আঁধার
নাকি আলোর মাঝে তুমি?
ভালবাসার জলছাপ
শুধুই কি মরিচীকা নাকি আরো কিছু!
তবু তুমি এসো,
অর্ভ্যথনা জানিয়ে
দিগন্তের শেষ আলো,
আর একমুঠো বেঁচে থাকার আশায়।

Monday, April 25, 2011

অভিমানী খোকা

এইরে খোকা,কি হল তোর,একটু কাছে আসবি না?
চুমু খেয়ে দুষ্টরে তুই একটুখানি হাসবি না?
খোকা বুঝি রাগ করেছে,মুখটা অমন ভার করেছে,
দুষ্টমিতে পাক ধরেছে?
খেলনা নাকি কম পড়েছে,কেউ বুঝি গাল দিয়েছে?
হাতের খাবার কাক নিয়েছে?
আমার খোকার মনটা খারাপ,চাঁদের কাছে নালিশ যাবে।
সূর্য়ি মামা জানবে যখন উচিত রকম শিক্ষা পাবে।

তুমি মা আমায় ছেড়ে থাকো যখন অনেক দূরে
চাঁদের সাথে কথার ছলে,মনটা আমার অনেক পুড়ে।
আমি বুঝি খারাপ ছেলে!কি ক্ষতি আমার সাথে থাকলে পরে
মনটা আমার সদা্ই খারাপ থাকি যখন একলা ঘরে।

আচ্ছা খোকা কান ধরেছি
বাইরে যা্‌ওয়া এই ছেড়েছি,
একলা ঘরে আমার খোকা থাকবে না আর একটি দিন
হাসি খেলায় কেটে যাবে অবুঝ খোকার রাত্রি দিন।

Tuesday, April 5, 2011

বাংলা মাকে

থোকায় থোকায় ফুল ফুটেছে কৃষ্ণচূড়ার ডালে
বাংলার মাটি লাল হয়েছে সেই সে রক্ত লালে।
রাষ্টভাষা বাংলা হবে সেই দাবিতে নামল যারা পথে
বাংলা আমার বাংলা তোমার চলবে না কারো কথাতে।

বাংলা ভাষা মায়ের ভাষা,পাখির ভাষা,প্রাণের ভাষা
রফিক শফিউর জব্বারের বিলিয়ে দেয়া প্রাণের আশা।
পাখির সুরে নদীর টানে পাই যে খোঁজে বাংলা মাকে
বিশ্ব আজ সালাম জানায় শ্রদ্ধাভরে বাংলা মাকে।

Friday, April 1, 2011

পহেলা বৈশাখ

রমনার বটমূলে ছেলে-বুড়ো সবে
আনন্দে মেতে উঠে মহা কলরবে।
লোকেদের গায়ে শোভা পায় বাংলার রূপ
বিদেশী সংস্কৃতি তখন থাকে যেন চুপ।
গ্রাম থেকে শহরে বসে বৈশাখী মেলা
ছুটোছুটি লুটোপুটি কত নানা খেলা।
ইলিশ আর পান্তাভাত সবাই যায় খেতে
গরীব-দুখী ভুলে দুখ আনন্দে মেতে।
মেলাগুলো নানা রকম পশরা নিয়ে সাজে
আনন্দ ছাড়া মন বসে না যেন কোন কাজে।
পহেলা বৈশাখ হাসি-খুশিতে থাক ভরে
এ আনন্দ আসুক বাংলার প্রতিটি ঘরে।

Wednesday, March 23, 2011

সৃষ্টিতে পহেলা বৈশাখ

বিবর্ণ পৃথিবীতে
মাটি চষা চাষাদের অতৃপ্ত তৃষ্ণায়
ঢেলে দিয়ে একমুঠো সুখ
উত্তরী হাওয়ার আহবানে,
জড়া আর মৃত্যুর ক্লান্তি ছুঁয়ে
বেজে উঠে বোশেখী ডাক,
এর-ই মাঝে ফিরে আসে
পহেলা বৈশাখ।
ফাগুনের ভেজা কাঁপন ছিঁড়ে
বেরিয়ে আসে নিষিদ্ধ রাত
কল্প কথার গল্প শেষে
তবুও তা নতুন প্রভাত।

ফিরে যাক ফিরে আসুক
তবুও নতুন থাক,
সৃষ্টিতে পহেলা বৈশাখ।